টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় দাঁড় করাল ভারত

টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছিলেন, উইকেটের সুবিধা নিতে চান তারা। কিন্তু সেটি আর হলো কোথায়। উল্টো ম্যাচের শুরু থেকেই তাদের ওপর তাণ্ডব শুরু করলেন ভারতের দুই ওপেনার। প্রথম ১০ ওভারেই সাত বোলার ব্যবহার করেও সাফল্য মিলছিল না কিউদের। মাঝে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষটা হলো মলিন। এতে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত।

আজ রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সান্জু স্যামসন। ম্যাট হেনরি-জ্যাকব ডাফিদের কোনো সুযোগ না দিয়ে রীতিমতো তাণ্ডব চালান তারা। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার-প্লেতেই তুলে নেন ৯২ রান।

পাওয়ার-প্লের এক ওভার পরে নিউজিল্যান্ডকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রাচিন রাবীন্দ্র। হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অভিষেককে ফেরান উইকেটরক্ষক টিম শেইফার্টের ক্যাচ বানিয়ে। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ২১ বলে ৫২ রান করে ফিরে যান অভিষেক।

তবুও থামছিল না ভারতের রানের ঘোড়া। আরেক ওপনোর স্যামসন আর তিন নম্বরে নামা ইশান কিষাণ চালিয়ে যান তাণ্ডব। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৮ বলে ১০৫ রানের জুটি গড়েন তারা।

এরপরই জোড়া আঘাত হানেন জেমি নিশাম। ১৫তম ওভারের প্রথম বলে সেঞ্চুরির কাছাকাছি যাওয়া স্যামসনকে ফেরান তিনি। ফেরার আগে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন স্যামসন। ওভারের পঞ্চম বলে ফেরান ইশান কিষাণকেও। ২৫ বলে ৫৪ রান করেন তিনি।

এখান থেকেই গতি কমে ভারতের তাণ্ডবলীলার। এরপর গোল্ডেন ডাক করে ফিরে যান সূর্যকুমার যাদব। হার্দিক পাণ্ডিয়া ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। এতে একটা সময় মনে হচ্ছিল আড়াইশর আগেই থামবে ভারতের ইনিংস।

কিন্তু শেষ ওভারে আবারও সব হিসাব-নিকাশ বদলে দেন শিভাম দুবে। এই এক ওভার থেকেই সংগ্রহ করেন ২৪ রান। হাঁকান ৩টি চার আর ২টি ছক্কা। ভারতের রান ছাড়ায় আড়াইশ। দুবে অপরাজিত থাকেন ৮ বলে ২৬ রানে আর তিলক ভার্মা ৬ বলে ৮ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন জেমি নিশাম। একটি করে উইকেট যায় ম্যাট হেনরি আর রাচিন রাবীন্দ্রর ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *