টানা ভারি বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, নগরজুড়ে দুর্ভোগ

চট্টগ্রামে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারি বর্ষণে নগরীর বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর বিস্তৃত এলাকা জলমগ্ন হয়ে পড়ায় দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা।

আবহাওয়া কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, সোমবার সকাল থেকে ১০৯ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

টানা বর্ষণে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। তবে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল মো. মহসিনুল হক চৌধুরী বলেন, নদী ও খালের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হওয়ায় নগরীর প্রায় ৮০ ভাগ এলাকায় কোনো জলজট সৃষ্টি হয়নি। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাকি দুই শতাংশ কাজ শেষ হলে বিদ্যমান সমস্যাও নিরসন হবে বলে জানান তিনি।

বন্দর নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ১০ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। এক দশক ধরে চলা এসব মেগা প্রকল্পের পরও পুরোপুরি স্বস্তি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী নগরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *