টাঙ্গাইলে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি রামেক হাসপাতালে যান এবং চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, গতকাল টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চারজন আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছেন বলে তিনি জানান।

তিনি বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়েও কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, ঈদকে সামনে রেখে সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *