ঝড়ে ঘরের চাল চাপা পড়ে বৃদ্ধ নিহত

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে প্রচণ্ড ঝড়ে টিনশেড ঘরের চাল ও গাছের ডাল চাপা পড়ে সিরাজ উদ্দিন (৭২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতিয়ান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি দীর্ঘ কয়েক মাস ধরে শ্রীপুরের ছাতিয়ান বাজার এলাকায় ভাড়া জমিতে অস্থায়ী ঘর তুলে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন ওই এলাকায় স্থানীয় তাজউদ্দীনের জমি ভাড়া নিয়ে সিলিং তৈরির ব্যবসার পাশাপাশি ঘরের এক কোণে চৌকি পেতে থাকতেন। সোমবার দিনগত রাতে আকস্মিক ঝড়ে একটি গাছের ডাল ভেঙে ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে পুরো চালটি সিরাজ উদ্দিনের ওপর ধসে পড়লে তিনি নিচে চাপা পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিধ্বস্ত চালের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা ততক্ষণে তার বাবার মরদেহ উদ্ধার করে বের করে আনেন। পরে তিনি একটি পিকআপ ভ্যানে করে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

জমির মালিকের ছেলে সজীব আহমেদ জানান, ঝড়ে ঘরের চাল সিরাজ উদ্দিনের বুকের ওপর সজোরে আছড়ে পড়ায় তার পাজরের হাড় ভেঙে যায় এবং প্রচণ্ড চাপে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *