ঝড়ে আটকা লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

হাতিয়াগামী যাত্রীবাহী লঞ্চ প্রবল ঝড়ের কবলে পড়ে চরে আটকে যাওয়ার ১৭ ঘণ্টা পর শতাধিক যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

ঢাকা থেকে হাতিয়াগামী একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল ঝড়ের কবলে পড়ে চরে আটকে যাওয়ার ১৭ ঘণ্টা পর শতাধিক যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সব যাত্রীকে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধারকৃত যাত্রীরা জানান, গত সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে লঞ্চটি হাতিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু গভীর রাতে ইলিশা ঘাটের অদূরে চরভৈরবী এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি চরে উঠে আটকে যায়। মাঝনদীতে এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরদিন মঙ্গলবার জোয়ার এলেও পানির গভীরতা কম থাকায় লঞ্চটিকে চর থেকে নামানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় আটকে থাকার পর যাত্রীরা প্রশাসনের সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার কালিগঞ্জ স্টেশনের একটি বিশেষ দল উদ্ধার অভিযানে নামে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটকে পড়া নারী ও শিশুসহ শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া ও চরের অবস্থানের কারণে উদ্ধারকাজ কিছুটা সময়সাপেক্ষ ছিল। তবে সফল অভিযানের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *