ঝড়-বাতাস ছাড়াই গাছ উপড়ে মাথায় পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছ উপড়ে পড়ে সমিরন বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম একই এলাকার মৃত গোলাপ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় আরামের খোঁজে বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সমিরন বেগম। এ সময় কোনো প্রতিকূল আবহাওয়া বা বাতাস ছাড়াই হঠাৎ করেই একটি গাছ উপড়ে তার গায়ের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *