জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে : প্রতিমন্ত্রী

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান জ্বালানিসংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সাধারণ জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয় সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফর করবেন। এদিন তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি শার্শার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় অংশ নেবেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে যশোরের উন্নয়নের ধারা কিছুটা স্থবির হয়ে পড়েছিল, যা এখন আবার সচল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *