জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-২। হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব-২ এর সদর দফতারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধ করে আসছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৩৬টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব-২।
তবে এমন আসামি জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেন র্যাবের এই কর্মকর্তা।