বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘দেড় হাজার মানুষের জীবন ও ৩০ হাজার মানুষের পঙ্গুত্ববরণের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছে। ৩৬ জুলাই আন্দোলনে রক্ত দেওয়া হাজারো মানুষের আত্মত্যাগের সঙ্গে যদি শাসকগোষ্ঠী বেঈমানি করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। ফ্যাসিস্ট হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে বাংলাদেশ খেলাফতে মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এ কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মাওলানা আব্দুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে আপনারা জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন যে, নির্বাচিত হলে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু এখন ক্ষমতায় এসে জুলাই সনদ এড়িয়ে যাওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করছেন। এর মাসুল আপনাদের দিতে হবে।’
শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘এখনও সময় আছে। আসুন, আমরা সবাই মিলে জুলাই সনদের ভিত্তিতে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাই।’
সমাবেশে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আলেম-ওলামা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।