বিরোধী দলের প্রধান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেখেছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমদ আজম খান ‘জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল ২০২২’ সংশোধন করে ‘২০২৬’ বিল পাসের জন্য প্রস্তাব করেন। সে সময় আপত্তি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ৭৫ এর পট পরিবর্তনের পর ক্ষমতার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এসেছে। যার সুফল পরবর্তী পর্যায়ে পেয়েছে এবং আজকের পার্লামেন্টও সে ধারাবাহিকার অংশ।
বিরোধী দলীয় প্রধান আরও বলেন, তিনি (জিয়াউর রহমান) জণগণের মনের ভাষা পড়তে পেরেছিলেন। এ জন্য তাকে যখন নির্মমভাবে খুন করা হলো তখন তিনি দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছিলেন। আমরা তখন মেডিকেলের ছাত্র, আমরা দেখি নাই উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতেন। আমরা দেখেছি উনি (জিয়াউর রহমান) জণগনের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন।
এ জন্য সে সময় দলমতের ঊর্ধ্বে উঠে আমরা কুরআন খতম করেছি, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেছি। তার ইন্তেকালের পরে বাংলাদেশ আবার অস্থিরতার মধ্যে ঢোকে। যার মধ্যেই বাংলাদেশ চলছে—যুক্ত করেন জামায়াত আমির।