বিশ্বকাপের প্রথম নকআউট পর্বে জাপানের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম একাদশ ঘোষণা করেননি। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো দলটিকেই হয়তো অপরিবর্তিত রাখবেন এই ইতালিয়ান কোচ।
প্রতিপক্ষ জাপানকে নিয়ে দারুণ সতর্ক আনচেলত্তি ম্যাচটিকে কার্যত ফাইনালের সমান গুরুত্ব দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাপান ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে আছে। গত মার্চেই তারা ইংল্যান্ডকে হারিয়েছে। আমাদের কাছে এটি একদম ফাইনাল ম্যাচের মতোই। তারা যথেষ্ট শক্তিশালী এবং আমরা ভালো করেই জানি যে এই ম্যাচে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। আমরা ভুলে যাইনি যে গত নভেম্বরের ম্যাচে জাপান আমাদের হারিয়েছিল; বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা দুর্দান্ত খেলে জয় তুলে নিয়েছিল। স্বাভাবিকভাবেই আমরা সেই বিষয়টি মাথায় রাখছি। আমরা তাদের সম্মান করি, সব ধরনের সতর্কতাই অবলম্বন করব।’
যদিও সম্ভাব্য একাদশ নিয়ে নানা আলোচনা চলছে, তবু ধারণা করা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চাইবেন না ব্রাজিল কোচ। সেই ম্যাচেই চলতি বিশ্বকাপে নিজেদের সেরা ফুটবল খেলেছিল সেলেসাওরা।
একাদশ ঘোষণা না করায় খেলোয়াড়দের ঘুমে কোনো প্রভাব পড়বে কি না-এমন প্রশ্নের জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতায় উত্তর দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি ঘুমাতেই যাচ্ছিলাম! আপনার কি মনে হয় একাদশ না জানলে খেলোয়াড়দের ঘুমাতে কষ্ট হয়? যে খেলবে সে ঠিকই জানে। আর যে খেলবে না, সে হয়তো জানে না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। খেলোয়াড়রা খুব ভালো ঘুমায়, কোচের চেয়েও অনেক ভালো ঘুমায়!’
শুরুর একাদশ নিয়ে আরেক দফা প্রশ্ন উঠলে রহস্য আরও বাড়িয়ে দেন ব্রাজিল কোচ। কোনো কৌশল বা ফর্মেশন নিয়ে আভাস না দিয়ে তিনি বলেন, ‘আমি জানি না। এখনই লাইনআপ ফাঁস করে আপনাদের স্বস্তিতে রাখতে চাই না। সোমবারের ম্যাচের পারফেক্ট একাদশ কী হবে, তা নিয়ে আমি আরও ভাবব। এখনই যদি সব বলে দিই, আপনারা তো শান্তিতে থাকবেন! আমার তো আপনাদের কথাও ভাবতে হবে।’
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, সব ইঙ্গিতই বলছে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামা দলটিকেই ধরে রাখতে পারেন আনচেলত্তি। শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্যে ছন্দে থাকা জাপানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে গ্রুপ পর্বে দারুণ নৈপুণ্য দেখিয়ে নকআউট নিশ্চিত করা জাপানও ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। দুই দলের বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।
এসএন/কে