জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

আগামী জুনের ফিফা উইন্ডো সামনে রেখে কেবল জাতীয় দল নয়, বরং পাইপলাইন মজবুত করতে অনূর্ধ্ব-২৩ দল নিয়েও বড়সড় পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করে তাদের নিয়মিত অনুশীলনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

দল গঠন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আগামী জুনে যে ফিফা উইন্ডো আছে, সেখানে বাংলাদেশ খেলার চেষ্টা করছে।সেটার জন্য আমরা এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করার প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, এই দলটা সর্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে।’

জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের এই নিরবচ্ছিন্ন ক্যাম্প দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। জুনের ফিফা উইন্ডোতে জাতীয় দলের স্কোয়াড শক্তিশালী করতে প্রয়োজনে এই অনূর্ধ্ব-২৩ দল থেকে ব্যাকআপ হিসেবে খেলোয়াড় নেওয়া হতে পারে।বাফুফের এই ‘সর্বক্ষণিক প্র্যাকটিস’র উদ্যোগটি তরুণ ফুটবলারদের ফিটনেস ও স্কিল ধরে রাখতে দারুণ কাজে দেবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *