অবশেষে হতে যাচ্ছে অপেক্ষার অবসান! স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচে মাঠে নামবেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন তারকা এই ফরোয়ার্ডের ফেরার খবর।
ডান পায়ের পেশিতে চোটের কারণে বিশ্বকাপের মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি নেইমার। এরপর থেকেই প্রশ্ন ছিল, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে কি না। দ্বিতীয় ম্যাচে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার না থাকলেও হাইতির বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল।
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পরও আলোচনা ছিল নেইমারকে নিয়ে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনচেলত্তি জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়েই দলে ফিরছেন ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার।
এর আগে ব্রাজিল কোচ বলেছিলেন, শতভাগ ফিট না হলে নেইমারকে কোনো ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে না। তাই আগামী ২৫ জুন স্কটল্যান্ড ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত হওয়াকে ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন, ‘নেইমার রোববার আলাদাভাবে অনুশীলন করবে। আর সোমবার দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য আশা করছি ও ফিট থাকবে।’
তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। ম্যাচের আগে প্রকাশিত দলীয় তালিকাতেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এসএন/কে