জয়ের জন্মদিনে শাকিব ও অপুর আবেগঘন বার্তা

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তার তারকা বাবা-মা। ছেলের বিশেষ দিনটিতে আলাদাভাবে শুভেচ্ছা বার্তা দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

ছেলের জন্মদিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের একটি সুন্দর ছবি শেয়ার করে শাকিব খান সংক্ষেপে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। তুমি যেন সর্বদা আকাশের তারা ছোঁয়ার মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো!’ পিতার এই সংক্ষিপ্ত অথচ গভীর আকুতি ভক্তদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, ছেলের জন্মদিনে পিছিয়ে ছিলেন না মা অপু বিশ্বাসও। নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন মাশাল্লাহ।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ সময় তা গোপনে রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি লাইভ অনুষ্ঠানে সন্তান আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস, যা পরবর্তীতে ঢাকাই শোবিজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ২০১৭ সালের শেষের দিকে শাকিব খান তালাকের নোটিশ পাঠান এবং ২০১৮ সালের মার্চে তাদের আইনগত বিচ্ছেদ ঘটে। দাম্পত্য সম্পর্ক ছিন্ন হলেও একমাত্র সন্তান আব্রাম খান জয়ের সুনির্দিষ্ট অভিভাবকত্ব ও বিভিন্ন বিশেষ মুহূর্তে তাকে সময় দেওয়ার ক্ষেত্রে দুই তারকাই সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *