জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির

জনগণের অধিকার আদায়ে রাজপথে কোনো প্রকার আপস করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক আহত কর্মীকে দেখতে এসে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

শেরপুরের নির্বাচনে আহত জামায়াত কর্মী সিরাজুল ইসলাম বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে এসে জামায়াত আমির তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘জাতির জন্য আমরা অনেক জীবন দিয়েছি, প্রয়োজনে আরও দেব। আমার নিজের জীবন লাগলেও আমি থামব না। মাঝপথে কোনো কম্প্রোমাইজ করার প্রশ্নই আসে না।’

সংসদে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা একচুলও ছাড় দেব না। আমরা সংসদে জনগণের সমস্যার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয় নাই। এমনকি পুলিশের নিজস্ব বিভাগের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, সেটিও বলতে দেওয়া হয়নি। এজন্যই আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি।’

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘সরকার জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। তারা জনগণের ওপর জুলুম করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ কোনো বিশৃঙ্খলা বা মারামারি করে নেব না। বরং কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। এখন থেকে সংসদের ভেতরে ও বাইরে আমাদের কথা বলা অব্যাহত থাকবে।’

হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। সুচিকিৎসা নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু এখানে তাদের প্রতি অবিচার করা হচ্ছে। এই হাসপাতালের সমস্যাগুলো নিয়েও আমরা সংসদে কথা বলব।

এসময় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, সহকারী পরিচালক ডা. মো. মাইনউদ্দিন খান, কামরুল হাসান মিলন এমপি এবং জেলা জামায়াতের নেতা আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *