শারীরিক জটিলতার মধ্য দিয়ে বেশ কঠিন সময় পার করছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা। মাত্র চার দিনের ব্যবধানে মাঠে দুবার সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলার মতো ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই জার্মান ফুটবলার।
মাঠে মুসিয়ালার এমন আকস্মিক শারীরিক অসুস্থতা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির ভক্ত-সমর্থকরা। তবে সমর্থকদের আর আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মুসিয়ালা নিজেই সব পরিষ্কার করেছেন।
তিনি লিখেছেন, ‘আমার সাময়িক খিঁচুনি বা ঝিমুনি রোগ (অ্যাবসেন্স সিজার) ধরা পড়েছে। তবে ভয়ের কিছু নেই, এটি সাময়িক এবং চিকিৎসাযোগ্য। মূলত স্নায়ুসংক্রান্ত সমস্যার কারণে এই সমস্যা হয়ে থাকে।’
অবশ্য ফুটবলের দুনিয়ায় এমন স্নায়বিক জটিলতার শিকার মুসিয়ালাই প্রথম নন। এর আগেও বিশ্ব ফুটবলের অনেক বড় বড় তারকা তাদের ক্যারিয়ারে এমন কঠিন শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন।
যেমনটি ঘটেছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ফেনোমেননের সঙ্গে। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের ঠিক কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই তীব্র খিঁচুনি রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অতিরিক্ত মানসিক চাপের কারণে ফ্রান্সের বিপক্ষে সেই ফাইনাল ম্যাচের আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
যদিও পুরোপুরি সুস্থ না হয়েই দলের স্বার্থে মাঠে নেমেছিলেন তিনি। তবে সেই ফাইনাল ম্যাচে নিজের চেনা ছন্দে খেলতে পারেননি ফুটবলের এই মহাতারকা।