ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত, স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তাই ছাত্ররাজনীতি হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই।
শুক্রবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফাতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনবান্ধব বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন ও ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ একাধিক জনকল্যাণমূলক কাজ সফলভাবে শুরু করেছে। কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যেন আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।