ছাত্রদলের ধাওয়ায় মিছিল ছেড়ে পালাল নিষিদ্ধ আওয়ামী লীগ

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে বের করা একটি মশাল মিছিল পণ্ড করে দিয়েছে স্থানীয় জনতা ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৪ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের টেপাখোলা গরুর হাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা আকস্মিক একটি মশাল মিছিল বের করে শহরের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি টেপাখোলার ‘সুমন সুইটস’র সামনে পৌঁছালে স্থানীয় সচেতন জনতা এবং জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে মশাল মিছিলকারীরা দিগ্বিদিক পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল বলেন, গতকাল রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল বের করার দুঃসাহস দেখায়। আমাদের নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে। আওয়ামী নেতাকর্মীদের কোনোভাবেই ফরিদপুরের মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী ও মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *