শুরুতে লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও কিছুক্ষণ পরই দারুণ ফিনিশিংয়ে সেটি ভুলিয়ে দেন। তার রেকর্ড গড়া গোলেই অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে গেছে আর্জেন্টিনা। সেটি ধরে রেখেই এগিয়ে যাচ্ছে তারা। শেষ পর্যন্ত স্কোর লাইন আর্জেন্টিনার পক্ষে কথা বললে নকআউট নিশ্চিত হয়ে যাবে তাদের।
ম্যাচে এগিয়ে থাকায় বেশ স্বস্তিতেই আছে আলবিসেলেস্তে শিবির। তবে এই স্বস্তির মাঝেই অস্বস্তি ভর করেছে লিওনেল স্কালোনির দলের ওপর। চোট নিয়ে মাঠ ছেড়েছেন রক্ষণ ভাগে দলের অন্যতম ভরসার নাম ক্রিশ্চিয়ান রোমেরো।
ম্যাচের ৫৭তম মিনিটে অস্বস্তি বোধ করায় রোমেরোকে তুলে নেন লিওনেল স্কালোনি। এই সেন্টার-ব্যাকের পরিবর্তে মাঠে নামান অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে।
চোট জর্জরিত আর্জেন্টিনা শিবিরে রোমেরোর ওপরই ভরসা রাখছিলেন স্কালোনি। তার চোট নিশ্চিতভাবেই ভাবিয়ে তুলবে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে।
ধারণা করা হচ্ছে, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ। যেকারণে তুলে নিয়েছেন। তবে রোমেরোর চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হয়ত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে দলের পক্ষ থেকে।