চলতি মাসেই চলবে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন

গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন। তাদের সেই আক্ষেপ শেষ হতে চলেছে।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন চালু হবে। আর পহেলা বৈশাখের দিন থেকে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রা বিরতি দিবে।

শনিবার (১১ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা জানান।

ডা. কে এম বাবর বলেন, সারা দেশের মানুষ ভাবে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে। কিন্তু আমরা জানি, তারা গোপালগঞ্জে তেমন কোন উন্নয়নই করেনি—যাতে মানুষের কর্মসংস্থান হয়।

তিনি বলেন, হাসিনা সরকার গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন চালু করেছে। তারা কি পারত না গোপালগঞ্জ-ঢাকা ট্রেন চালু করতে? তারা কি পারত না গোপালগঞ্জে একটি ইপিজেড স্থাপন করতে? তাহলে তো জেলার মানুষের কর্মসংস্থান হতো।

এই সংসদ সদস্য বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে। প্রধানমন্ত্রী ছিলেন এই জেলারই মানুষ। তবু গোপালগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির হাহাকার। পৌরসভা পানি মুখে নেওয়া যায় না। যে পানি সরবরাহ করা হয় সেটাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তিনি আরো বলেন, আগে শুনেছি, গোপালগঞ্জ পৌরসভা নাকি টাকার বন্যায় ভেসে গেছে। তাহলে সেই টাকা গেল কোথায়? জনগণের জন্য কি একটি পানির প্লান্ট নির্মাণ করা গেল না। যাতে জনগণ বিশুদ্ধ পানি পান করতে পারে। আমরা পানির প্লান্টের জন্য ডিও লেটার দিয়েছি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *