চরকিতে আসছে ‘দম’ ও ‘রকস্টার’

ঈদের আয়োজনে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। একদিকে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’, অন্যদিকে শাকিব খানের আলোচিত ‘রকস্টার’-এর স্ট্রিমিং পার্টনার হিসেবেও যুক্ত হয়েছে চরকি।

আজ দুপুরে চরকি জানিয়েছে, আগামী ২১ মে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে আফরান নিশো ও পূজা চেরি অভিনীত ‘দম’। দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

রেদওয়ান রনি বলেন, ‘দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই গল্প সবার ঘরে পৌঁছে যাবে।’

অন্যদিকে শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হয়েছে চরকি। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এখনও ওটিটিতে মুক্তির নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

‘রকস্টার’-এ শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে। চরিত্রটির জন্য নিজের লুক ও শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন তিনি। গত ৫ মে প্রকাশ পাওয়া টিজারে তার ভিন্ন উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিনেমাটির পরিচালক আজমান রুশো বলেন, ‘ভালো কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি একটি আস্থার নাম। সেই জায়গা থেকেই আমাদের এই যাত্রা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *