চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে নিয়ে পরিকল্পনা জানালেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে তৃতীয় দিন শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের চেয়ে এখনো পিছিয়ে ৬৭ রানে। ৬ উইকেট হাতে রেখে আগামীকাল চতুর্থ দিন মাঠে নামবে অস্ট্রেলিয়া। 

জিততে হলে এই আগামীকাল সকালে দ্রুতই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে হবে বাংলাদেশকে। সেজন্য নতুন বলে দায়িত্ব নিতে হবে পেসারদের। তৃতীয় দিন শেষে অসিদের নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’

প্রথম ইনিংসে ৪২৬ রান করেছে বাংলাদেশ। টাইগারদের এই বড় সংগ্রহের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল লোয়ারঅর্ডার ব্যাটারদের। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা ব্যাট হাতে দারুণ নৈপূণ্য দেখিয়েছেন। বিশ্বসেরা পেসারদের সামলিয়েছেন দক্ষতার সঙ্গে।

লোয়ারঅর্ডার ব্যাটারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’

তৃতীয় দিন শেষে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক জানালেন আপাতত ফলাফলের দিকে চিন্তা রাখছেন না। তিনি বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *