সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তা পেল না কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেনসে হায়দরাবাদের মুখোমুখি হয় কলকাতা। একপেশে ম্যাচে আধিপত্য বিস্তার করে সহজ জয় তুলে নেয় হায়দরাবাদ। কলকাতাকে ৬৫ রানে হারিয়েছে তারা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২২৬ রান করে হায়দরাবাদ। জবাবে ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয় কলকাতা।
বিশাল রান তাড়ায় ঝড়ো শুরুই করে কলকাতা। ফিন অ্যালেন শাসান হায়দরাবাদের বোলারদের। ১.৩ ওভারের ওপেনিং জুটিতে ৩০ রান আনে কলকাতা। তবে, ৭ বলে ২৮ রান করে হার্শ দুবেকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যালেন। কলকাতার বলে ২৯ বলে সর্বো ৫২ রান করে অঙ্করিশ রঘুবংশী। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩৫ করেন রিংকু সিং। বাকিরা আসা-যাওয়ার মিছিলে থাকেন।
হায়দরাবাদের পক্ষে জয়দেব উনাদকাগ তিনটি এবং ইশান মালিঙ্গা ও নিতিশ কুমার রেড্ডি নেন দুটি করে উইকেট।
আগে ব্যাট করা হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ রান করেন হেনরিখ ক্লাসেন। ৩৫ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তবে, ভিত গড়ে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ৫.৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৮২ রান। হেড ২১ বলে ৪৬ এবং অভিষেক ২১ বলে ৪৮ রান করেন। শেষদিকে, নিতিশ কুমারের ২৪ বলে ৩৯ রান হায়দরাবাদকে এনে দেয় বিশাল পুঁজি।
কলকাতার পক্ষে ব্লেসিং মুজারাবানি পান চার উইকেট। দুই উইকেট নেন বৈভব অরোরা।