কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে পাচারের সময় ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার তালতলা এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজন মিয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সুজন কচাকাটার শোভারকুঠি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অভিনব উপায়ে মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন সুজন মিয়াকে একটি খালি গ্যাস সিলিন্ডারসহ আটক করা হয়। পরে পুলিশ সদস্যরা বিশেষ প্রক্রিয়ায় সিলিন্ডারটি কাটলে তার ভেতর থেকে অত্যন্ত নিখুঁতভাবে লুকিয়ে রাখা ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই গাঁজাগুলো ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল।
এদিকে, কচাকাটা থানা পুলিশের অপর এক অভিযানে একই দিন থানা সংলগ্ন নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা থেকে ১৯৩ পিস ইয়াবাসহ মোন্নাফ (৩৬) নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়েছে। নদীপথে নৌকায় করে আসার সময় তাকে তল্লাশি করে এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মাদক চোরাকারবারিরা প্রতিনিয়ত রুট ও কৌশল পরিবর্তন করছে, তবে পুলিশও তৎপর রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।