গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহবুব আলী খান স্বাধীনতার আগে আগে পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে তার জানাজার নামাজ পড়ান থানাপাড়া মসজিদের ইমাম শিবলী আহমেদ। এতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন ইসলাম, যুবলীগনেতা কাজী নাহিদ, ছাত্রলীগনেতা সাহনেওয়াজ খানসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জানাজায় তিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। পরে বেদগ্রাম পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে মাহবুব আলী খানের মৃত্যুর খবর গোপালগঞ্জে পৌঁছালে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।