ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ে সুমিত্রা দাস (৪২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায়। খবর এনডিটিভির।
বুধবার (১২ আগস্ট) সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর নিজের স্কুটিটি গ্যারেজে রেখে ড্রাইভিং অনুশীলনের জন্য হুন্দাই ইওন গাড়িটি বের করেন। পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষানবিস চালক হওয়ার কারণে ব্রেকের বদলে ভুলবশত অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটি দ্রুত গতিতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযানের পর গাড়িটিকে পানি থেকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়।
গাড়িটি তোলার পর দেখা যায়, সুমিত্রার হাত ও মুখ পেছনের দিকে এবং পা সামনের ড্রাইভিং সিটের কাছে ছিল। পুলিশ ধারণা করছে, গাড়িটি ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন।
সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস কিছুদিন আগেই নতুন গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময় নির্ধারিত ছিল। সুমিত্রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।