জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আমরা সংস্কার পরিষদের কথা বলেছি, এটা নতুন কিছু নয়। ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিলাম।
এনসিপির সদস্য সচিব বলেন, ভোটের পর তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার জন্য জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা সংবিধানের কথা বলে, আমরাও মানি দেশ পরিচালনায় সংবিধান প্রয়োজন। কিন্তু সেটি ৭২-এর মুজিববাদী সংবিধান নয়, বরং হতে হবে জনগণের সংবিধান।
সরকারের উদ্দেশে আখতার বলেন, আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব থাকবে না। তাই আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তনও চান না। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।