গঙ্গা চুক্তির মেয়াদ শেষে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করব : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাদের বিদেশে নিরাপত্তা দিতে পারেন না। গঙ্গা চুক্তির মেয়াদ শেষে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করে নেব।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যেবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে এসেছে অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যেসব শক্তি তাদের তিনি নিরাপত্তা দিতে পারছেন না। বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে? যদি গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার ব্যর্থ হয়। আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি সরকার ব্যর্থ হয়েছে।

বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির নিয়ন্ত্রণে আসতে দেওয়া হবে না এবং গঙ্গা চুক্তির মেয়াদ শেষে ভারতের কাছ থেকে দেশের ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারে ড. ইউনূসের মাধ্যমে এসেছিলেন—অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এরপর বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার ব্যক্তিগত অর্জন অনেক হয়েছে কিন্তু দেশের মানুষের নিরাপত্তা উনি বিদেশে নিশ্চিত করতে পারেননি। যেই আমেরিকার সঙ্গে তিনি এত চুক্তি করলেন যেই ড. ইউনূসের মাধ্যমে তিনি এই দেশের সরকারের অংশীদার হলেন—সেই আমেরিকাতে ড. ইউনুসকে হেনস্থা করা হলো। এটা অবশ্যই ড. খলিলুর রহমানের ব্যর্থতা—এ দায় তাকে নিতে হবে এবং নেওয়া উচিত।

এ সময় জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ স্থানীয় নেতাকর্মী ও কেন্দ্রীয় ও জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *