খাল ভরাট-দূষণের দায়ে দুটি রাইস মিলের মালিককে জরিমানা

চাঁদপুর শহরের পুরান বাজারে অটোরাইস মিলের তুষ, ছাই ও ধান সিদ্ধ করার গরম পানি অপসারণ করে খাল ভরাট ও দূষণের দায়ে দুই মিলের মালিককে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরান বাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পাশের নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ করা গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিলের মালিককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণ করা ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন। পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *