খাগড়াছড়িতে গৌতম বুদ্ধের ‘জন্ম-বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ’ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা করেছে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ।
আজ শুক্রবার (১ মে) সকালে শহরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন খবং পড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে। শোভাযাত্রাটি মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং ঘুরে শাপলা চত্বর হয়ে জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন এলাকার হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। পরে মহাজনপাড়া জনবল বৌদ্ধ বিহারে এক ধর্মীয় শোভায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ।
শোভায় দেশ জাতি তথা সব প্রাণীর হিত, সুখ ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার দান, স্বধর্ম শ্রবণ ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন বৌদ্ধ নারী-পুরুষরা।
এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধ জন্ম গ্রহণ, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণপ্রাপ্ত হন। এ জন্য দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতি বছর এই দিন জাকজমকপূর্ণভাবে উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা।