কোলম্যানকেই চায় বাফুফে, কিন্তু…

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে শীর্ষে রেখেছে। ফলে তাকে ঘিরেই পরিকল্পনা এগোচ্ছে। তবে আপাতত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেতনের অর্থের জোগান।

জানা গেছে, কোলম্যান তার সহকারী কোচ কিট সিমন্সকে সঙ্গে নিয়েই বাংলাদেশে আসতে আগ্রহী। দুজনের জন্য মাসিক সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ৩১ হাজার ডলার। এর মধ্যে কোলম্যানের বেতনই ২৬ হাজার ডলার। এছাড়া কর বাবদ আরও প্রায় ৫ হাজার ডলার গুণতে হবে। সব মিলিয়ে শুধুমাত্র বেতন বাবদই ব্যয় দাঁড়াবে ৩৬ হাজার ডলারের মতো। এর বাইরে অন্যান্য খরচ তো থাকছেই।

বেতনের অর্থ জোগাড় করতে এরই মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাফুফে। ফেডারেশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে, মন্ত্রণালয় যেন মাসিক ১৫ থেকে ১৬ হাজার ডলার বরাদ্দ দেয়। তবে ক্রীড়া মন্ত্রণালয় এত বড় অঙ্কের অর্থ দিতে আগ্রহী নয় বলে জানা গেছে। কারণ, তাদের সব ফেডারেশনকেই সমানভাবে দেখভাল করতে হয়। ওই হিসেবে মন্ত্রণালয় সর্বোচ্চ ৫ থেকে ৬ হাজার ডলার মাসিক ব্যয় করতে পারে।

এদিকে, শুক্রবার বাফুফের পক্ষ থেকে নতুন কোচের নাম ঘোষণার কথা রয়েছে। কোলম্যানের পাশাপাশি টমাস ডুলিসহ আরও কয়েকজন রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কে হচ্ছেন হাভিয়ের কাবরেরার উত্তরসূরি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *