‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোরের কেশবপুর উপজেলার খুদে অ্যাথলেটরা। ফুটবল, ব্যাডমিন্টন, দাবা থেকে শুরু করে মার্শাল আর্ট- প্রায় প্রতিটি বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে এই উপজেলার প্রতিনিধিরা।
গতকাল সোমবার (১১ মে) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে বালিকাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেশবপুর বালিকা দল।
ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন দিঘী অধিকারী। তিনি ব্যাডমিন্টন একক, দ্বৈত (সাথী: স্বর্ণালী সাহা) এবং দাবা- এই তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করে এক অনন্য রেকর্ড গড়েছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও ছিল কেশবপুরের দাপট। ২০০ মিটার দৌড়ে সানজিদা এবং দীর্ঘ লাফে মুক্তা মন্ডল প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক নিশ্চিত করেছেন। জলক্রীড়ায় মাহমুদ হাসান (চিৎ সাঁতার) এবং তাসনিম সুলতানা (বুক সাঁতার) রানার্স-আপ হয়েছেন।
লড়াইয়ের ময়দানেও পিছিয়ে নেই কেশবপুরের যোদ্ধারা। তায়কোয়ানডোতে রাতুল দাস স্বর্ণপদক জয় করেছেন। এছাড়া মুন্নী দত্ত, সুরাইয়া ইয়াসমিন ও মো. সোহানুর রহমান নিজ নিজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। কারাতে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন সাথী সেন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
সাফল্যে উচ্ছ্বসিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, আমাদের সন্তানদের এই সাফল্য মেধা ও পরিশ্রমের জয়। বিশেষ করে দিঘী অধিকারী যে কৃতিত্ব দেখিয়েছে, তা আমাদের গর্বিত করেছে। সঠিক সুযোগ পেলে এই খুদে অ্যাথলেটরাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবে।