কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তায় বডি ওর্ন ক্যামেরা

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুম থেকে ১২৬টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়ার ১২৬টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে এবার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক এবং বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভোটাররা আগামীকাল কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *