আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা, ছিনতাই প্রতিরোধ, ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা এবং কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে কুমিল্লা জেলা পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে গত এক মাসে জেলাজুড়ে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আটকদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের একাধিক সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নগর ও মহাসড়ককেন্দ্রিক এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৪৬ জন, কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা পুলিশ ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের প্রবণতা রয়েছে। বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধের ধরন বিশ্লেষণ করে আধুনিক ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লার জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।