কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে সকাল পর্যন্ত, ৬ অঞ্চলে সতর্কতা

দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (২ মে) রাত ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই বিশেষ পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়। বৈরী আবহাওয়ার কারণে নৌযানসমূহকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *