‘কারাগারের বন্দিরা বাইরের মানুষের চেয়ে ভালো’, অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময়টা তার জীবনের কঠিন অধ্যায়গুলোর একটি। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এবার কৌতুক অভিনেতা ও ইউটিউবার তন্ময় ভাটের সঙ্গে এক পডকাস্টে কারাগারে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

কৌতুক অভিনেতা ও ইউটিউবার তন্ময় ভাটের পডকাস্টে হাজির হয়ে কারাগারে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন রিয়া। সেখানে বন্দিরা কীভাবে সময় কাটান, জানতে চাইলে তিনি বলেন, গান ও নাচের মধ্য দিয়েই অনেকটা সময় কাটে।

কারাগারে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা, এমন প্রশ্নের জবাবে রিয়া জানান, তাঁরা গান করেন, নাচেন। সেখানে থাকাকালীন যাদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তাদের নিয়েও কথা বলেছেন রিয়া। তাঁর দাবি, কারাগারের মানুষজন বাইরের মানুষের তুলনায় অনেক ভাল। বিশেষ করে নারীদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই আসলে নির্দোষ বলেই দাবি করেন তিনি।

রিয়া জানান, কারাগারে কোনো শ্রেণি বিভাজন নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচিতি নেই।

এরপর রিয়াকে প্রশ্ন করা হয়, সংশোধনাগারে তাঁর নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। প্রথমে হ্যাঁ বললেও পরক্ষণেই অভিনেত্রী বলেন, ‘না’।

সেখানে খাবার কেমন ছিল, সেই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি রিয়া। বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে। বইটির নাম কী, জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’। কারাগারের খাবার নিয়েও মজা করতে ছাড়েননি অভিনেত্রী। রসিকতার সুরেই তিনি বলতে থাকেন যে, সেখানে নাকি সুশি মেলে, শ্যাম্পেনও পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় বড়া পাও এবং নানা রকমের চাট।

রিয়া কারাগারে থাকলেও, পরে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তবে তারপরেও অভিনয়ে ফেরেননি তিনি।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে এবার দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এর দ্বিতীয় সিজনে। ২০২৬ সালের ১৩ আগস্ট প্রাইম ভিডিওতে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন কর্ণ জোহর।

দ্বিতীয় সিজনে রিয়ার সঙ্গে দেখা যাবে মল্লিকা শেরাওয়াত, শ্বেতা তিওয়ারি, মুনাওয়ার ফারুকি, শালিনী পাসি, অভিষেক মালহান, ক্রিস্টল ডি’সুজাসহ আরও অনেককে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *