রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপরে বিচারক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন।
নথি থেকে জানা গেছে, চাকরির সুযোগ দেওয়ার কথা বলে একটি অনলাইন চক্র ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে বিনিয়োগের নামে বিভিন্ন ধাপে অর্থ গ্রহণ করে তারা। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকা নেওয়া হয়। শেষ পর্যন্ত মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি।