ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), ছেলে স্বর্ণ শীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। তার আট বছর বয়সী অপর একটি মেয়ে সন্তান এবং মা-বাবা রয়েছেন।
কলকাতা ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কুষ্টিয়ায় দেবাশীষ দত্তের বাড়িতে চলছে শোকের মাতম। দীর্ঘদিনের সহকর্মীর সপরিবারে এমন করুণ মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। তারাও কন্নায় ভেঙে পড়েন।
ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আট বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
নিহত দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, আজই তাদের দেশে ফেরার কথা ছিল।