খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীর মাঝখানে মাছ ধরার নৌকাডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে শুনলাম। জোড়শিংয়ে আমাদের গাড়ি নিয়ে যাতায়াত করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন অথবা জনপ্রতিনিধি যদি যাতায়াতের বোর্ড সংগ্রহ করে দেন তাহলে যাওয়া সম্ভব। এছাড়া অভিযান পরিচালনা করতে হলে ট্রলার সংগ্রহের পাশাপাশি খুলনা থেকে ডুবুরি আনতে হবে।