কদমতলীতে ফোমের কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল মারুফ এনটিভি অনলাইনকে জানান আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি নির্বাপন হয়নি।

রাফি আল মারুফ বলেন, আগুন লাগার পর নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নির্বাপনে এখনও কাজ চলছে। তিনি আরও বলেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে পরবর্তীতে জানানো হবে। এছাড়া আগুন লাগার কারণও এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ওই কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রাকিবুল হাসান বলেন, কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় ফোমের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *