কখন শুরু হবে খেলা, চট্টগ্রামের সর্বশেষ আপডেট কী?

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল সিরিজ জয় আর নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানো। তবে বৃষ্টির কাছে আপাতত দুই দলই অসহায়। চট্টগ্রামে এখনো চলছে বৃষ্টি। পরিমাণ কিছুটা কমলেও এখনো শেষ হয়নি। যে কারণে নির্ধারিত সময়ে হয়নি টস, শুরু হয়নি খেলাও। কখন শুরু হবে খেলা?

আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে দুপুর দেড়টায় হওয়ার কথা ছিল টস। টসের আগে বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যায়। যে কারণে কখন শুরু হবে খেলা সেটি এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু হয় তাহলে ২০ ওভারের ম্যাচই অনুষ্ঠিত হবে। তবে এই সময়ের মধ্যে খেলা শুরু নাহলে কাটা হবে ওভার। যদি বিকেল ৪টা ৫০ মিনিটের মধ্যে টস করা যায়। তাহলে ৫টা ১৬ মিনিট থেকে ৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা মাঠে গড়াবে কি না এই সিদ্ধান্তও জানা যাবে ৪টা ৫০ মিনিটে।

আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার তাদের সর্বশেষ ২ ঘন্টার আপডেটে বলছে, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বৃষ্টি হবে চট্টগ্রামে। তবে তিনটার পরে বৃষ্টির পরিমাণ কমে আসবে।

আশার কথা হলো, যদি বিকেল ৪টা বা এর আশেপাশেও বৃষ্টি থেমে যায়, তাহলেও খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা থাকবে। কারণ চট্টগ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো হওয়ায় মাঠ শুকাতে খুব বেশি সময় লাগবে না।

বৃষ্টির এই অবস্থায় আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ড্রেসিংরুমে বসে ক্রিকেটাররাও সেই অপেক্ষা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *