এশিয়ান হাইওয়ে দখল করে ময়লা ফেলা বন্ধে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকায় সড়ক দখল করে ময়লা-আবর্জনা ফেলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আজ রোববার (১৪ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তার নির্দেশেই এখানে পরিদর্শনে এসেছি। সড়কের পাশে যাতে ভবিষ্যতে আর ময়লা ফেলা না হয়, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জমির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এসব বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইকেল) করে জৈব সার, জ্বালানি (এনার্জি) ও মিথেন গ্যাস উৎপাদনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। এ বিষয়ে যেসব বিদেশি সংস্থা কাজ করে, তাদেরও এখানে সম্পৃক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আশা করছি, এ কার্যক্রম চালু হলে ময়লার পরিমাণ অনেকটাই কমে আসবে। কোনো পৌরসভা, সিটি করপোরেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলতে পারবে না। এ বিষয়ে সব পৌরসভা ও সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, তা বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল প্রধানমন্ত্রী কক্সবাজারে জাতীয় পর্যায়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা অবশ্যই পূরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *