বেহাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচিত কমিটি থেকে এর আগে পদত্যাগ করেছেন একাধিক পরিচালক। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পদত্যাগ করলেন বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রীতিমতো সংকটে পড়েছে বিসিবি। গত বছর অক্টোবরে নতুন কমিটি নির্বাচিত হয়ে এসেছে। কিন্তু, আসার পর থেকেই শান্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না
এমন পরিস্থিতিতে বোর্ড সভা ডেকেছে বিসিবি। সভাপতি বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে আগামী শনিবার সকাল ১১টায়। মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা যোগ দেবেন ভার্চুয়ালি।