রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাত্র ৩২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
রাফিয়া সুলতানা রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে অত্যন্ত সক্রিয় ছিলেন। এ ছাড়া ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাজনৈতিক জীবনে তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন।
তার এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এনসিপি’র কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বগুড়া জেলা এনসিপি কার্যালয়ে বাদ এশা তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএন/পিডিকে