জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে’ বিভক্ত করার প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে দেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পরিকল্পনা ও কৌশল সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় নতুন বাজেট, রাজস্ব ঘাটতি, মধ্যমেয়াদি বাজেট কাঠামো ও অভ্যন্তরীণ অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ গঠনের নীতিগত সিদ্ধান্তে সরকার অটল রয়েছে। এ বিষয়ে শিগগিরই দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আইএমএফ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছে।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন, গবেষণা ও আন্তর্জাতিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর আদায়, নিরীক্ষা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে। যদিও এনবিআরের একাংশ কর্মকর্তা-কর্মচারীর বিরোধিতার মুখে সরকার অধ্যাদেশটি বাতিল না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন এনে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
কর-জিডিপি অনুপাত বাড়াতে পূর্ণাঙ্গ অটোমেশন, করজাল সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং বকেয়া রাজস্ব আদায় জোরদারের পরিকল্পনার কথা আইএমএফকে জানিয়েছে এনবিআর। করহার না বাড়িয়ে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত করজাল সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে। গত জুনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে এ হার ৬ দশমিক ৮ শতাংশ। সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে তা ১০ দশমিক ৭ শতাংশে উন্নীত করা।
গত অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় এক লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ায় চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের কৌশল সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছে আইএমএফ।
নতুন ৪৫০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য ঋণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দিনের সফরে ঢাকায় রয়েছে আইএমএফ প্রতিনিধি দল। পরবর্তী বৈঠকে তারা তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে বলে জানা গেছে।
এসএন/পিডিকে