উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এই মুহূর্তে দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব জায়গায় প্রশাসক দেওয়া হয়েছে এবং যেসব জায়গায় ইউএনও ও এসি ল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর বিলের ওপর নির্মিত ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মীর শাহে আলম এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সময়ে দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করেছিল। একই সঙ্গে তারা দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন করার বিষয়টি অধ্যাদেশে অন্তর্ভুক্ত করে। বিগত সরকারের ১৩১টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে, যার মধ্যে স্থানীয় সরকারের ৫টি অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সংসদে পাস হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এলে নির্বাচন নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশ এই সরকারের উন্নয়নের আওতায় থাকবে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন ব্রিজ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *