ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী

ঈদুল আজহার তৃতীয় দিন আজ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজও ঢাকা ছাড়ছেন অনেকে।

আজ শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালি, টিকাটুলি, যাত্রাবাড়ি, গাবতলী, গুলিস্থানসহ বিভিন্ন এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে। 

মহাখালি বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ যাচ্ছেন হোসেন নামের এক যাত্রী। তিনি এনটিভি অনলাইনকে বলেন, একটি বেসরকারি সংবাদমাধ্যমে চাকরি করছি। ঈদের মধ্যে ডিউটি থাকার কারণে অফিস করেছি। অফিস শেষে আজ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। 

হোসেন আরও বলেন, বছরের এক ঈদ ঢাকায় করতে হয়। তাই ঢাকায় এবার ঈদুল আজহার ঈদ উদযাপন করে গ্রামের বাড়িতে যাচ্ছি।  

এদিকে রাজধানীর টিকাটুলিতে তিশা প্লাসে করে লাকসাম যাচ্ছিলেন মোহাম্মদ মেহেদী। তিনি এনটিভি অনলাইনকে বলেন, নতুন বিয়ে করেছি। শ্বশুর বাড়ি মানিকগঞ্জে। ঈদের তিন দিন মানিকগঞ্জ ছিলাম। এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। 

মেহেদী বলেন, আগামী শনিবার থেকে অফিস করব। তাই বাড়িতে ঘুরে আসার জন্য যাচ্ছি।

কল্যাণপুর টার্মিনালে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নীরব ইসলাম বলেন, ঢাকায় কোরবানি দেওয়ায় ঈদের আগে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। কোরবানির মাংস আত্মীয়-স্বজনদের মধ্যে বণ্টন করে আজ সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছি। বাকি ছুটিটুকু মা-বাবার সঙ্গেই কাটাব। 

অনেক চাকরিজীবী ঈদের সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি মেলাতে পেরেছেন। ফলে ঈদের আনুষ্ঠানিকতা ঢাকায় সেরে এখন তারা গ্রামের দিকে রওনা হয়েছেন, যাতে আগামী সপ্তাহের পুরোটা গ্রামে কাটাতে পারেন।

গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মইন বলেন, গতকাল যাত্রীর চাপ অনেক ছিল। আজ যাত্রীদের চাপ কিছুটা কম। তবে গাড়ি ফাঁকা যাচ্ছে না। আগামীকাল ঢাকা থেকে যাত্রীদের চাপ কমে আসবে বলে জানান তিনি। 

মইন বলেন, আগামীকাল রোববার (৩১ মে) থেকে ঢাকায় যাত্রী ফেরার চাপ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *