আসন্ন পবিত্র ঈদুল আজহায় দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসছে এটিএন বাংলা। ঈদ আয়োজনে প্রচারিত হবে নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন নির্মাতা ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর এটি মুক্তি পাবে গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে।
‘সুখবিলাস’-এর গল্পে উঠে এসেছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলির জীবন। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, সামাজিক বিচার আর জীবনের কঠিন বাস্তবতাকে ঘিরে এগিয়েছে নাটকের কাহিনি।
বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণের জন্য ইতোমধ্যেই দর্শকদের নজরে এসেছেন ইকসান রনি। তার নির্মিত ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ ও ‘আমিই রেনু’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি ব্যাপক আলোচনায় আসে।
নির্মাতার ভাষ্য, সমাজের বাস্তবতা ও মানুষের না-বলা অনুভূতির গল্পই তিনি পর্দায় তুলে ধরতে চান। এ প্রসঙ্গে ইকসান রনি বলেন, ‘আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিক তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।’