ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। এসব অভিযানে একাধিক পরিবহণকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ইলিশ পরিবহণ ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়।

এ ছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহণকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহণকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।  

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় সাত হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বরিশাল জেলায় পরিচালিত একটি অভিযানে একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *