হিজবুল্লাহ ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে লেবাননের অর্থনীতি ভয়াবহ চাপের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে থাকা দেশটির পরিস্থিতি সাম্প্রতিক যুদ্ধের কারণে আরও খারাপ হয়েছে।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবাননের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আমের বিসাত জানিয়েছেন, গত ২ মার্চ সংঘাত তীব্র আকার নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা লেবাননের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশের সমান। পাশাপাশি যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে আরও কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করার মতো পর্যাপ্ত সম্পদ লেবাননের নেই।
এতে আরও বলা হয়েছে, সরকার বর্তমানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে আশ্রয় দিচ্ছে। তবে আরও কয়েক লাখ মানুষ নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করছে। ২০২৪ সালের যুদ্ধের ধাক্কা সামলে উঠতেই না উঠতেই নতুন করে এই সংঘাত শুরু হয়েছে।
মন্ত্রী আমের বিসাত জানান, মাত্র পাঁচ সপ্তাহে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর প্রভাব ব্যাপক। মানুষ চাকরি হারাচ্ছে, কৃষিখামারগুলো উৎপাদন বন্ধ করে দিচ্ছে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং পর্যটকেরাও আর আসছেন না।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে লেবাননের অর্থনীতি আরও গভীর সংকটে পড়তে পারে। এসএন/পিডিকে